নাগরিকদের বিভিন্ন সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমকে নির্দেশনা দিয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসাইন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময়কালে সংসদ সদস্যরা নিজ নিজ সংসদীয় এলাকার গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন এবং জরুরি ভিত্তিতে সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন। এ সময় উভয় সংসদ সদস্য জনগণের সেবক হিসেবে সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় মোহাম্মদ কামাল হোসাইন এমপি বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসন যদি আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে, তবে সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি সবাইকে নিজ অবস্থান থেকে জনগণের কল্যাণে কাজ করার অনুরোধ জানান।
সৈয়দ জয়নুল আবেদীন এমপি তার বক্তব্যে বলেন, একজন জেলা প্রশাসক যদি দুর্নীতিমুক্ত থাকেন, তবে তার অধীনস্থ কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সাথে জড়িত হওয়ার সাহস পাবে না। তিনি দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে ঢাকার উন্নয়নে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এমপিদ্বয়ের একটি পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জকসু ভিপি রিয়াজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন এবং যাত্রাবাড়ী পূর্ব থানা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















