ফেনী জেলায় বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট দু’জনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনা দুটি ঘটেছে জেলার ছাগলনাইয়া ও সদর উপজেলায়।
নিহতরা হলেন- ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের সাহাব উদ্দিন খোকন (৫৫) এবং সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার কবির আহমেদ (৭২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়া থেকে বক্সমাহমুদের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। রৌশন ফকির মাজারের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাটিবোঝাই পাওয়ার ট্রলি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী সাহাব উদ্দিন খোকন মারা যান।
এই দুর্ঘটনায় আহত হন সিএনজি চালক হাসান (২৬), নিহত খোকনের ছেলে ইফাজ উদ্দিন (২২), লিজা (৩৫) ও আবদুল হক (৬৩)। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক ট্রলিসহ এর চালক হৃদয়কে (২১) আটক করেছে। ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় অজ্ঞাত এক মোটরসাইকেলের ধাক্কায় কবির আহমেদ (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। নিহত কবির আহমেদ একই উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার বাসিন্দা। ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























