ফেনীর সোনাগাজীতে এক মৎস্য খামারির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি ও যুবদলের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ছালামত উল্যাহ আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ৪ মার্চ সোনাগাজী মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী হাজী সিরাজুল হকের স্ত্রী আনোয়ারা বেগম। গত ৩ মার্চ দিবাগত রাতে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সিরাজুল হকের বসতবাড়িতে হামলা চালায় এবং রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিবারের সদস্যদের ওপরও শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে ছিলেন। সোমবার নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। আদালতের নির্দেশের পর পুলিশি পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 











