দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় শিশু রোগীদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, চলতি বাজেটে সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে এক লাখ ৪৪ হাজার কোটি টাকার বিশাল বরাদ্দ রাখা হয়েছে। বৈষম্যহীন সমাজ গঠনে সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীর হাতে পৌঁছায়, সে জন্য নগদ অর্থের পরিবর্তে ব্যাংক হিসাবের মাধ্যমে অনুদান দেওয়া হচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দুর্নীতির সুযোগ কমবে। দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে ৪০ জন দরিদ্র শিশুর পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়, যা তাদের চিকিৎসার খরচ মেটাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























