ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাকে ‘আদর্শনগর’ নামে একটি পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্থানীয় বিএনপি ও সাধারণ জনগণ। এই উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে পাগলা থানার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, পাগলা থানাকে উপজেলায় রূপান্তর করা স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। এই প্রশাসনিক পরিবর্তনের ফলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে। তারা সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তকে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার জোর দাবি জানান।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক। বক্তারা আরও হুঁশিয়ারি দেন যে, এই জনকল্যাণমুখী সিদ্ধান্তকে কোনো পক্ষ যেন রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করতে না পারে। তারা বৃহত্তর জনস্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ‘আদর্শনগর’ উপজেলা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























