কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর মঙ্গলবার (৩০ জুন) নিজ নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এই পাঁচজনের জানাজা দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশ নেন।
গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে পাঁচজনই ছিলেন কানাইঘাট উপজেলার বাসিন্দা। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাদের লাশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার রাতে কাতার থেকে রওনা হয়ে মঙ্গলবার সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।
নিহতরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।
অ্যাম্বুলেন্সে করে তাদের লাশ গ্রামে নেওয়া হলে স্বজনদের আহাজারিতে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজায় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে দাফনের জন্য প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া আরও ৩ লাখ টাকা করে অনুদান দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর এবং তাদের প্রাপ্য সরকারি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























