ইতালির রাজধানী রোমে পরকীয়াজনিত বিরোধের জেরে একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু এবং তাদের পাঁচ বছর বয়সী শিশুকন্যা আরিশা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের ছেলে অয়ন।
ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ হত্যাকাণ্ডে শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশিকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে এবং তার ছবি প্রকাশ করেছে। অভিযুক্ত শাহাদাতও একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাদাতের সঙ্গে আরজুর পূর্বসম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তি চলছিল, যার জেরে কামাল উদ্দিন তার পরিবার নিয়ে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন।
ঘটনার দিন রাতে বিরোধ মীমাংসার জন্য আয়োজিত এক বৈঠকে বাগবিতণ্ডার একপর্যায়ে শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হামলার পর শাহাদাত সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় স্ট্যাটাস দিয়ে আত্মগোপন করেন। বর্তমানে ইতালির পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।
রিপোর্টারের নাম 

























