সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জানানো হয়েছে, ওয়ার্ক পারমিট নবায়নের জন্য নির্ধারিত সময়সীমার আর মাত্র দুই দিন বাকি আছে।
কিওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ থাকবে, তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে। নিয়োগকর্তাদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন বা কর্মী স্থানান্তরের শেষ দিন হলো ৩০ জুন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি সময় ধরে নবায়ন করা না হয়, তবে তাকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে মুছে ফেলা হবে। এছাড়া, কোনো কর্মীকে যদি বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করানো হয়, তাহলে যে দিন পর্যন্ত কাজ করানো হয়েছে, সেই দিন পর্যন্ত অর্জিত সব বকেয়া আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
নিয়োগকর্তাদের প্রতি কিওয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে সময়সীমা শেষ হওয়ার আগেই তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এই নির্দেশনা প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজন।
রিপোর্টারের নাম 

























