ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকায় একই পরিবারের তিন প্রবাসী বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ২৬ জুন রাতে নিজ অ্যাপার্টমেন্টে ঘাতকদের হাতে প্রাণ হারান কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশা। এই ঘটনায় তাদের অপর সন্তান আমির হোসেন অয়ন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি ইতালীয় সরকারের প্রতি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের পাঁচজন প্রবাসী নিহত হয়েছেন। বিদেশের মাটিতে একের পর এক বাংলাদেশি প্রবাসীদের এমন মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ সরকারি খরচে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























