রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যাওয়ায় প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে, যার ফলে খুলনা-ঢাকা এবং রাজবাড়ী-ভাঙ্গা রুটের দুটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে প্রায় তিন ঘণ্টা বিলম্বে চলাচল করে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে জিপসামবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দৌলতপুরের দিকে যাচ্ছিল। ভোরে বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রেললাইনের ওপর উঠে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার কারণে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস রাজবাড়ীর পাচুরিয়া স্টেশনে দীর্ঘ সময় আটকে ছিল। একই সময়ে রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকা রাজবাড়ী এক্সপ্রেসও নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি। রেললাইন সচল হওয়ার পর নকশীকাঁথা এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট এবং রাজবাড়ী এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে যাত্রা শুরু করে।
দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের সহকারী মো. সোহেল জানান, তার ওস্তাদ (চালক) অসুস্থ বোধ করায় তিনি ট্রাক চালাচ্ছিলেন। ট্রাক চালানোর সময় হঠাৎ তার ঘুম চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রেললাইনের ওপর উঠে যায়। রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মাহবুব হাসান জানান, দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় সকাল ১০টার মধ্যে রেললাইন সচল করা সম্ভব হয়।
রিপোর্টারের নাম 

























