নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী রফিক উল্যাহ মিঞাকে। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুর বড় ভাই ছিলেন।
সোমবার বেলা সাড়ে ১১টায় সোনাইমুড়ী উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম মীর্জানগর জামে মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মীর্জানগর গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, গত শনিবার রাতে ঢাকার শ্যামলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানাজার পূর্ববর্তী আলোচনায় বরকত উল্যাহ বুলু এমপি, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ এবং বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান বক্তব্য রাখেন। এছাড়াও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকী, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল গণি চৌধুরী মান্না, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোতাহের হোসেন মাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























