কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান দেরিতে আসায় এই বিলম্ব ঘটে, যার ফলে শত শত শিশু ও তাদের অভিভাবকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
জানা যায়, রোববার সকাল ৮টায় ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও ডা. শাহজাহান সাড়ে নয়টার দিকে হাসপাতালে আসেন এবং এরপর তিনি ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
সকাল সাড়ে ৭টা থেকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর জন্য অভিভাবকরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ৮টার ক্যাম্পেইন সাড়ে ৯টা পর্যন্ত উদ্বোধন না হওয়ায় তাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। অনেক অভিভাবক অভিযোগ করেন, দীর্ঘক্ষণ প্রচণ্ড গরমে দাঁড়িয়ে থাকায় অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে।
সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মনাগ্রাম থেকে এক বছরের শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াতে আসা এক অভিভাবক বলেন, “সকাল ৮টার দশ মিনিট আগে এসেছি। কিন্তু সাড়ে ৯টা পর্যন্ত ভিটামিন খাওয়ানো শুরু হয়নি। দেড় ঘণ্টা গরমে দাঁড়িয়ে বাচ্চারাও অসুস্থ হয়ে গিয়েছে।”
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহজাহান বলেন, “বিষয়টি নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে। আমি নয়টায় উদ্বোধন করেছি।” অন্যদিকে, জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির জানান, বিষয়টি তাকে জেলা প্রশাসক জানিয়েছেন। তিনি পরিচালককে ফোন দিলে পরিচালক ‘শুরু করে দিয়েছি’ বলে জানান। কেন বিলম্ব হয়েছে, সে বিষয়ে পরিচালকই ব্যাখ্যা দিতে পারবেন বলে সিভিল সার্জন উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























