শিশুর অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে ৩ লাখ ২ হাজার ৮৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। রোববার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডা. মনজুর ই এলাহী।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১০টি উপজেলার ৮৭টি ইউনিয়নে মোট ২ হাজার ৯০৭টি কেন্দ্রের মাধ্যমে এই বৃহৎ স্বাস্থ্য কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইনটি শতভাগ সফল ও নিরাপদ করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং টিম কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, উজিরপুর উপজেলার ১২৭টি কেন্দ্রে প্রায় ২৯ হাজার শিশুকে এই সুরক্ষার আওতায় আনা হয়েছে। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অভিভাবকগণকে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























