দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালায় সংশোধন এনেছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত নীতিমালা অনুযায়ী, এখন থেকে এই স্কিমের মেয়াদ হবে তিন বছর। পূর্বে এটি পাঁচ বছরের জন্য নির্ধারিত ছিল।
রোববার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ৮ জুন জারি করা সার্কুলারের দুটি অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, ১০ হাজার কোটি টাকার এই পুনঃঅর্থায়ন তহবিল তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠন ও পরিচালিত হবে। ৮ জুন জারি করা মূল সার্কুলারে অবশ্য এ তহবিল বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠনের কথা বলা হয়েছিল, যা এখন পরিবর্তন করা হলো।
নতুন নির্দেশনা অনুযায়ী, সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত এই পুনঃঅর্থায়ন স্কিম কার্যকর থাকবে। এই পরিবর্তনের ফলে কৃষি খাতে ঋণের প্রবাহ ও ব্যবস্থাপনায় নতুন দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























