চট্টগ্রামে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ৬৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্তের আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এসব প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি স্থগিত করা হয়েছে এবং প্রতিষ্ঠান প্রধানদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে অনুমোদন বাতিলের প্রক্রিয়াধীন প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ড সূত্র জানায়, বছরের পর বছর শিক্ষার্থী ভর্তি না হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থায় বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নীতিমালায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, প্রয়োজনীয় যন্ত্রপাতি, লাইব্রেরিসহ অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে বোর্ড যেকোনো প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৪, ৮, ১৮ ও ২৪ জুন পৃথকভাবে এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের শোকজ করা হয়। এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) প্রতিষ্ঠানের প্রধানদের আগামী ২২ জুলাইয়ের মধ্যে এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রধানদের ৩০ জুনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
চট্টগ্রামে পাঠদান অনুমোদন বাতিলের তালিকায় রয়েছে ১০টি এসএসসি (ভোকেশনাল) বিদ্যালয়, ৩টি দাখিল (ভোকেশনাল) মাদ্রাসা, ২টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ৫৪টি জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা) কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান। এছাড়া কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ির আরও ৪৪টি প্রতিষ্ঠানও একই কারণে তালিকাভুক্ত হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক মো. আল মাসুদ করিম জানান, দীর্ঘদিন ধরে ভর্তি কার্যক্রম বন্ধ থাকায় এবং নীতিমালার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যা পর্যালোচনার পর চূড়ান্তভাবে পাঠদান অনুমোদন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই ধরনের সমস্যা সারা দেশের বহু কারিগরি প্রতিষ্ঠানে বিদ্যমান বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 





















