দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে এক ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘চলো যাই যুদ্ধে—মাদকের বিরুদ্ধে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন ফুটবল খেলার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মাদককে প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
রবিবার সকালে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে আর্জেন্টিনা ও জর্ডানের ফুটবল ম্যাচ দেখতে আসা দর্শক ও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে এই শপথ গ্রহণ ও মাদকবিরোধী প্রতীকী লাল কার্ড প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ফুটবল খেলায় নিয়মভঙ্গকারীকে যেমন লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়, তেমনি সমাজ থেকে মাদক নির্মূলেও সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদককে ‘লাল কার্ড’ দেখাতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলে। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন এবং এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।
এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক একটি জাতিকে ধীরে ধীরে মেধাশূন্য ও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই কেবল আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতার মাধ্যমেই এই ভয়াবহ ব্যাধি প্রতিরোধ সম্ভব। তাঁর সংগঠন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত মাদকবিরোধী সেমিনার ও কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, ফুটবলপ্রেমীদের সম্পৃক্ত করে এই কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, সামাজিক সংগঠনের সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রিপোর্টারের নাম 





















