নাগরিক সেবা উন্নত করতে এবং বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে বাগেরহাট পৌরসভায় তিন দিনব্যাপী কর মেলার আয়োজন করা হয়েছে। রোববার সকালে শুরু হওয়া এই মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এ বছর পৌর কর্তৃপক্ষের কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ১৩ লাখ ৭২ হাজার ৮৯৪ টাকা।
পৌর প্রশাসক মো. মেজবাহ উদ্দীন জানান, ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৩৬ শতাংশ কর আদায় সম্ভব হয়েছে। শতভাগ কর আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করছে পৌরসভা। সংগৃহীত অর্থ দিয়ে পৌরসভার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংস্কার কাজ করা হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।
মেলায় কর দিতে আসা স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, পৌরসভার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে নিয়মিত কর প্রদান করা প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। মেলা উপলক্ষে করদাতাদের বিশেষ সহায়তা ও তথ্য প্রদানের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়েছে।
রিপোর্টারের নাম 























