কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রামের এক পর্যটকের লাশ ২১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উখিয়ার রেজুখালে ভাসমান অবস্থায় মোহাম্মদ সায়েম (২২) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, গত শনিবার দুপুরে ইনানী সৈকতের জেটিঘাটসংলগ্ন এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন মোহাম্মদ সায়েম। তিনি চট্টগ্রামের হাটহাজারী এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে।
সায়েমের বন্ধু মো. আরমান জানান, শনিবার সকালে তারা দুই বন্ধু বান্দরবান থেকে কক্সবাজার যান এবং দুপুরে ইনানী সৈকতে গোসলে নামেন। হঠাৎ একটি বড় ঢেউয়ের ধাক্কায় সায়েম গভীর সাগরের দিকে ভেসে যান। আরমান আরও জানান, সে সময় সৈকতে লাইফগার্ড, পুলিশ বা তেমন লোকজনের উপস্থিতি ছিল না। পরে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং স্থানীয় জেলে, বিচ কর্মী ও ফায়ার সার্ভিস তল্লাশি শুরু করে।
ইনানী ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান জানান, শনিবার ফায়ার সার্ভিস, বিচ কর্মী, লাইফগার্ড, কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও জেলেদের সহযোগিতায় ইঞ্জিন নৌকা নিয়ে সাগরে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু সন্ধ্যা পর্যন্ত সায়েমের খোঁজ মেলেনি। গোসলের সময় সাগরে ভাটা চলছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, রোববার সকালে রেজুখালে একটি লাশ ভাসছে খবর পেয়ে সবাই ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে সায়েমের বাবা মোহাম্মদ ইকবাল তার ছেলের লাশ শনাক্ত করেন।
রিপোর্টারের নাম 

























