ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক কৃষকের দীর্ঘ পরিশ্রমের ফসল রাতের আঁধারে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার বোয়ালিয়া গ্রামের মাঠে কৃষক আসাদুল ইসলামের ৪ বিঘা জমির লাউ ও কুমড়ো গাছ কেটে ফেলায় প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে এই বিশাল জমিতে সবজি চাষ করেছিলেন। মাসখানেকের পরিশ্রমে মাচায় প্রচুর পরিমাণে লাউ ও কুমড়ো ধরতে শুরু করেছিল, যা বিক্রি করে তিনি সংসার চালাতেন। গত শনিবার দিবাগত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে প্রতিটি গাছের গোড়া কেটে দেয়। পরদিন সকালে ক্ষেতে গিয়ে নিজের সাজানো স্বপ্নের এমন করুণ পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন এই কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সাথে সাথেই উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনি সহায়তার পাশাপাশি সরকারি প্রণোদনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 























