কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় জাইতুন রেস্তোরাঁয় নাশতা করতে এসে নিজেদের দেড় থেকে দুই বছর বয়সী এক শিশুকে ভুলবশত রেখে চলে গেছে একটি বিদেশি পর্যটক পরিবার। শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনার পর থেকে শিশুটিকে ফিরে পেতে তৎপরতা শুরু করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রায় ১৫ জন সদস্যের একটি বিদেশি দল দুটি মাইক্রোবাসে করে সেখানে নাশতা করতে আসেন। খাওয়া-দাওয়া শেষে যাওয়ার সময় তারা অসাবধানতাবশত শিশুটিকে রেস্টুরেন্টের ভেতরেই ফেলে রেখে যান। শিশুটি এখনও কথা বলতে না পারায় তার নাম বা বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
রেস্টুরেন্ট মালিক লুৎফুর রহমান রিপন জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর দক্ষিণ থানায় অবহিত করা হয়েছে। শিশুটি বর্তমানে তাদের তত্ত্বাবধানে নিরাপদ আছে। পরিবারটির সন্ধানে তারা পুলিশের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করছেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পরিবারটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
রিপোর্টারের নাম 

























