চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালিতে দুধ আটকে তিন মাস বয়সী মেঘলা ঘোষ নামের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষের ছোট মেয়ে।
শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, এদিন ভোর ৪টার দিকে তিনি মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। তখন দেখা যায় শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে পড়েছে। দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, ভোরে তিন মাস বয়সী এক শিশুকন্যাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ধারণা করা হয়, হাসপাতালে আনার এক থেকে দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালিতে দুধ আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, শিশুকন্যার মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি।
রিপোর্টারের নাম 

























