ফেনীতে পৃথক দুটি স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ফেনী শহরের নাজির রোড এবং সদর উপজেলার শর্শদী ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন রেজিয়া বেগম (৬০) এবং আবু সুফিয়ান (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনটি ফেনী প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় ফেনী শহরের নাজির রোডে এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার নাম রেজিয়া বেগম। তিনি ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
অপরদিকে, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেনী সদর উপজেলার ফতেহপুর অতিক্রম করার সময় এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। নিহত যুবকের নাম আবু সুফিয়ান তোরাদ (২২)। তিনি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের প্রবাসী ইউসুফের ছেলে।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 

























