চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী ও জামায়াত নেতা মো. মহিউদ্দিন (৪২) নিহত হয়েছেন। স্থানীয়ভাবে তিনি ক্যাবল মহিউদ্দিন নামে পরিচিত ছিলেন। শুক্রবার সকালে তার আকস্মিক মৃত্যুতে ভাটিয়ারীসহ পুরো সীতাকুণ্ডে শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ট্রাক ও একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
নিহত মহিউদ্দিন ভাটিয়ারী স্টেশন রোডের সততা ফার্মেসী ভবনের স্বত্বাধিকারী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এলাকার মানুষের কাছে তিনি একজন সৎ, বিনয়ী ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, মহিউদ্দিন ছিলেন সংগঠনের একজন নিবেদিতপ্রাণ, সৎ ও কর্মঠ কর্মী। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও মানুষের কল্যাণে নিবেদিত। তার মৃত্যুতে আমরা একজন দায়িত্বশীল সহযোদ্ধাকে হারালাম। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রিপোর্টারের নাম 

























