লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বামী হাফিজ মোল্লার অমানুষিক নির্যাতনে সামিয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূর করুণ মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অভিযোগ উঠেছে, স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই অভিযুক্ত স্বামী লাশ হাসপাতালের মর্গে ফেলে রেখেই পালিয়ে যান।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে সামিয়ার সঙ্গে হাফিজের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। অভিযুক্ত হাফিজ মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নিহতের স্বজনরা জানান, গত ১৬ জুন সামিয়াকে পিটিয়ে গুরুতর আহত করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তার মৃত্যু হয়। সামিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে দাবি করছেন তার পরিবার।
এই নৃশংস ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত হাফিজকে গ্রেফতারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
রিপোর্টারের নাম 






















