চট্টগ্রামের রাউজানে একটি নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে অসুস্থ হয়ে পড়া এক রাজমিস্ত্রীকে উদ্ধার করতে গিয়ে শালা-দুলাভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ওই রাজমিস্ত্রী। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকার শুকলাল মাস্টারের বাড়ির মৃত কার্তিক দাশের ঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের মৃত নিমাই দাশের ছেলে ও বাড়ির মালিক মৃত কার্তিক দাশের মেয়ের জামাই প্রদীপ দাশ (৩৮) এবং বোয়ালখালী উপজেলার কদুরখীল ইউনিয়নের মৃত বিশ্বেশ্বর দাশের ছেলে ও কার্তিক দাশের ভাগিনা সমীরণ দাশ (২৮)। সম্পর্কে তারা দুলাভাই-শালা। আহত রাজমিস্ত্রী শাহ আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত প্রদীপ দাশের শাশুড়ি মিনতি দাশ জানান, প্রায় দেড় মাস আগে নির্মাণ করা সেফটিক ট্যাংকের ভেতরে শুক্রবার দুপুরে রাজমিস্ত্রী শাহ আলম কাজ করতে নামলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধারে তার মেয়ের জামাই প্রদীপ দাশ ট্যাংকিতে নামেন এবং শাহ আলমকে ওপরে তুলতে সক্ষম হলেও নিজেই সেখানে অচেতন হয়ে পড়েন। এরপর প্রদীপকে উদ্ধারে তার ভাগিনা সমীরণ দাশ ট্যাংকিতে নামলে তিনিও আর ওপরে উঠতে পারেননি।
খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। মিনতি দাশ জানান, সেফটিক ট্যাংকিতে কিছু পানি জমে ছিল, তবে কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না। রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রদীপ দাশ ও সমীরণ দাশকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টারের নাম 

























