সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে প্রায় ৩০ মিনিট বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যাত্রী ভোগান্তির শিকার হন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হাসপাতালের অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও দীর্ঘদিন ধরে এর কার্যক্রম শুরু না হওয়ায় তারা প্রয়োজনীয় ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে জেলার সাধারণ মানুষও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার সরকারি আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি না হওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ৫০০ শয্যার হাসপাতালের ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকলেও জনবল নিয়োগ ও প্রশাসনিক জটিলতার কারণে হাসপাতাল চালু হচ্ছে না। এর আগে গত ২১ জুন হাসপাতাল চালুর দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে একাডেমিক ভবনে তালাও ঝুলিয়ে দেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ফোনে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও আন্দোলন প্রত্যাহার করেননি শিক্ষার্থীরা।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মুস্তাক আহমেদ ভূঁইয়া জানান, মন্ত্রণালয় শূন্য শিক্ষক পদের তালিকা চেয়েছে এবং দ্রুত নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। হাসপাতাল চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 
























