রাজধানীর নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডে একটি বহুতল ভবনে আইনজীবীর চেম্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আব্দুস সালাম (২০) ও জনি (২৪), যারা সেখানে ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিসের ধারণা, আগুন লাগার পর ধোঁয়া থেকে বাঁচতে তারা বাথরুমে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই শ্বাসরোধে তাদের মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে আল-বারাকা টাওয়ারে সাবেক এক উপদেষ্টার চেম্বারে। বর্তমানে চেম্বারটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরসহ অন্য আইনজীবীরা ব্যবহার করছিলেন। অগ্নিকাণ্ডে চেম্বারে থাকা বিপুল পরিমাণ মূল্যবান আইন বিষয়ক বই এবং গুরুত্বপূর্ণ আইনি নথি পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর বাথরুম থেকে অচেতন অবস্থায় দুই যুবককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 























