ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গত ফ্যাসিবাদী আমলের গেস্টরুম ও গণরুম সংস্কৃতির ভয়াবহ নির্যাতনের অভিজ্ঞতা নথিবদ্ধ করতে এক অনন্য উদ্যোগ নিয়েছে ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে ‘গেস্টরুম-গণরুম ও নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৫৩ জন বিজয়ীর হাতে নগদ অর্থ, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৩০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ২০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ডাকসুর নেতৃবৃন্দ বলেন, গেস্টরুম ও গণরুমের নিপীড়নের ইতিহাস ছাত্ররাজনীতির একটি অন্ধকার অধ্যায়। এই তিক্ত অভিজ্ঞতাগুলো কেবল ব্যক্তিগত কষ্ট নয়, বরং একটি সময়ের রাজনৈতিক বাস্তবতার দলিল। ভবিষ্যৎ প্রজন্ম যেন এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক ক্যাম্পাস গড়তে পারে, সেই লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন।
আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় জমা পড়া নির্বাচিত স্মৃতিচারণমূলক লেখাগুলো ভবিষ্যতে বই আকারে প্রকাশ করা হবে। এতে করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হওয়া জুলুমের সঠিক ইতিহাস সংরক্ষিত থাকবে। ডাকসুর সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ এই উদ্যোগকে ইতিহাসের সত্য সংরক্ষণের একটি সাহসী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ শিক্ষাঙ্গনে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 

























