দিল্লি থেকে অমৃতসর যাওয়ার পথে ভুলবশত পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এই শাস্তিমূলক ব্যবস্থার কথা নিশ্চিত করেছে। গত ২২ জুন রাতে এয়ারবাস এ৩২১ বিমানটি নিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
জানা গেছে, অমৃতসর বিমানবন্দরের রানওয়েতে পাখি আঘাত করার খবর পাওয়ায় কর্তৃপক্ষ রানওয়ে পরীক্ষা করছিল। এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে বিমানটিকে আকাশে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়। আকাশে চক্কর দেওয়ার সময় রাত ১০টা ৮ মিনিটে বিমানটি অসতর্কতাবশত পাকিস্তানের আকাশসীমার প্রায় তিন মাইল ভেতরে প্রবেশ করে। যদিও বিষয়টি দ্রুত পাকিস্তানের এটিসি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছিল, তবে নিয়ম অনুযায়ী তাৎক্ষণিক রিপোর্ট না করায় সংশ্লিষ্ট পাইলট ও একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক বা পরিবেশগত কারণে বিমানটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে সামান্য সময়ের জন্য প্রতিবেশী দেশের সীমানায় চলে গিয়েছিল। পরবর্তীতে জ্বালানি সংকটের আশঙ্কায় বিমানটি অমৃতসরে না নেমে পুনরায় দিল্লিতে ফিরে যায় এবং সেখানে নিরাপদে অবতরণ করে। এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 





















