রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে লাল মোহাম্মদের নিয়োগের প্রতিবাদ জানিয়েছে ‘সচেতন অভিভাবক ফোরাম’। তাকে আওয়ামী লীগের সহযোগী ও দুর্নীতিগ্রস্ত হিসেবে অভিহিত করে এই নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন ফোরামের নেতারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে ফোরামের আহ্বায়ক ড. হেলাল উদ্দিন অভিযোগ করেন, লাল মোহাম্মদ কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক থাকাকালীন নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসে এবং তাকে ওএসডি করা হয়। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ দেওয়াকে জাতির জন্য বড় বিপর্যয় বলে মন্তব্য করেন তিনি।
অভিভাবক ফোরামের দাবি, প্রশাসনে প্রভাব খাটিয়ে এবং অনৈতিক লেনদেনের মাধ্যমে এই নিয়োগ বাগিয়ে নেওয়া হয়েছে। দ্রুত এই নিয়োগ বাতিল না হলে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিবৃতিতে। তবে একই সময়ে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রেষণে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে অভিভাবক মহলের একটি অংশ।
রিপোর্টারের নাম 























