সমুদ্রবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন এবং ব্লু-ইকোনমি খাতে গবেষণা ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্স (আইসিওজি) এবং ইন্দোনেশিয়ার জাতীয় গবেষণা ও উদ্ভাবন সংস্থা (ব্রিন)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্দোনেশিয়ার ব্রিন-এর রিসার্চ সেন্টার ফর ডিপ সি-এর প্রধান অধ্যাপক ড. আ’আন ওয়াহিউদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে সামুদ্রিক বিজ্ঞান গবেষণা, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলেন, জলবায়ু পরিবর্তন ও সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহযোগিতার মাধ্যমে দুই দেশের গবেষকরা অত্যাধুনিক তথ্য বিনিময় ও উদ্ভাবনী গবেষণার সুযোগ পাবেন, যা উভয় দেশের ব্লু-ইকোনমি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























