মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমিয়ে লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৪ জুন অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ২৫ জুন এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অবিলম্বে অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত এই নির্দেশনার অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নত করা এবং প্রযুক্তির অপব্যবহার রোধে এই পদক্ষেপকে অনেকেই সময়োপযোগী বলে মনে করছেন।
রিপোর্টারের নাম 

























