পবিত্র আশুরার শাশ্বত বাণী মানুষকে সব ধরনের অন্যায়, অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, কারবালার আত্মত্যাগ আমাদের সত্য, সুন্দর ও ন্যায়ের পথে চলতে শেখায়।
রাষ্ট্রপ্রধান তাঁর বাণীতে কারবালা প্রান্তরে ইসলামি আদর্শ সমুন্নত রাখতে শাহাদতবরণকারী হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন, ইসলামের ইতিহাসে আশুরা কেবল একটি শোকের দিন নয়, বরং এটি আত্মত্যাগ ও মানবিক আবেদনের এক অবিস্মরণীয় স্মারক।
রাষ্ট্রপতি আরও বলেন, শান্তি ও কল্যাণের ধর্ম ইসলাম সবসময় সম্প্রীতি ও সৌহার্দ্যের আহ্বান জানায়। তিনি একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
রিপোর্টারের নাম 





















