কুমিল্লা মহানগরীর শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে আগামী ২৮ জুন (রবিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আয়োজিত হতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এলাকার প্রায় ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। কুসিকের মেডিকেল অফিসার ডা. চন্দনা রাণী জানান, নগরীর ১১৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি কেন্দ্রে স্বেচ্ছাসেবক এবং সুপারভাইজাররা দায়িত্ব পালন করবেন। অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে এই সেবা নিশ্চিত করুন।
রিপোর্টারের নাম 























