প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর গত ২১ থেকে ২২ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়ায় প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেন। এই সফরকালে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে মালয়েশিয়ার একজন শিল্পী জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি পরিবেশন করেন।
মালয়েশিয়ান শিল্পীর কণ্ঠে ইমরানের এই গান পরিবেশনের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা কার্ডিওলজিস্ট মনোয়ারুল কাদির বিটু তার নিজের ফেসবুকে শেয়ার করার পর এটি বেশ আলোচনায় আসে। গানটি শুনে ইমরান নিজেও অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছেন।
ইমরান বলেন, ‘আমি যখন প্রথম ফেসবুকে বিষয়টি দেখি, বিশ্বাসই করতে পারিনি। পরে বেশ কয়েকবার নিজে দেখলাম। অবশ্যই এটি অনেক অনেক ভালো লাগার বিষয়। কারণ মালয়েশিয়াতে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে সেখানকার শিল্পী আমার গান গাইছে – এটা সত্যিই অনেক বড় বিষয়। যদি তিনি গানটি আগে নাও শুনে থাকেন, এই আয়োজনে তিনি গানটি শুনেছেন এবং আমার কণ্ঠ মালয়েশিয়ার রাষ্ট্রীয় অনুষ্ঠানে পরিবেশিত হয়েছে, এটাই অনেক বড় প্রাপ্তি।’
তিনি আরও বলেন, ‘এরপর যদি মালয়েশিয়াতে কোনো শো থাকে, তবে এই গান আমাকে হয়তো বারবার গাইতেও হতে পারে। আর যদি সেই শিল্পীর সাথে দেখা করার সুযোগ থাকে, তবে নিশ্চয়ই দেখা করব, কারণ তিনি এমন আয়োজনে আমার গাওয়া গান গেয়ে আমাকে তথা বাংলাদেশকে, বাংলা ভাষাকে, বাংলাদেশের গানকে সম্মান জানালেন।’
রিপোর্টারের নাম 

























