প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি’র টাকা বিতরণ কার্যক্রম বুধবার থেকে শুরু হয়েছে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই অর্থ প্রদান করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে গত মঙ্গলবার একটি চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে, যা সকল উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এইচএসপি-এমআইএস) সফটওয়্যারে তালিকাভুক্ত ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিউশন ফি’র অর্থ গভর্নমেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে শিক্ষার্থীদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর এবং জানুয়ারি-জুন কিস্তির অর্থ বিতরণ কার্যক্রম বুধবার থেকেই শুরু হয়েছে।
উপবৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী ও অভিভাবককে তাদের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে অর্থ জমা হওয়ার সাথে সাথে তা উত্তোলনের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে কোনো ক্যাশ আউট চার্জ কাটা হবে না। ক্যাশ আউট চার্জের টাকা সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের তাদের উপবৃত্তির তথ্য, অ্যাকাউন্ট নম্বর, পিন অথবা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) নম্বর অন্য কারো সাথে শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
রিপোর্টারের নাম 




















