গাজীপুরের টঙ্গীতে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩১টি কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে টঙ্গীর দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া এবং মুদাফা পশ্চিমপাড়া বিষারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৬টার দিকে মুদাফা পশ্চিমপাড়া এলাকার একটি বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ৩০টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, পৃথক দুটি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট কাজ করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বহুতল ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ এবং বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ কক্ষগুলোর প্রয়োজনীয় মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রিপোর্টারের নাম 























