মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় শুকরণ বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে শিবচরের মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত শুকরণ বেগম উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা মোকশেদপুর এলাকার বাসিন্দা এবং মোকশেদ হাওলাদারের স্ত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুকরণ বেগম শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার দুপুরে স্থানীয়রা মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা সেটি শুকরণ বেগমের বলে শনাক্ত করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুকরণ বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 

























