সারাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৮০৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮০ জনের। সব মিলিয়ে একদিনে নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত, অর্থাৎ ৯৮ দিনে, দেশে হাম ও হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৭৩৮ জনে। এই সময়ে মোট মৃত্যু হয়েছে ৬৭৭ জনের, যার মধ্যে ৯৩টি নিশ্চিত হামে এবং ৫৮৪টি হামের উপসর্গে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৯১ হাজার ৭৮৯ জন এবং নিশ্চিত হামের রোগী ১০ হাজার ৯৪৯ জন। এই সময়ের মধ্যে ৭৫ হাজার ৯০২ জন সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৭১ হাজার ৯৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ৬ জন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। একই সময়ে ‘সন্দেহজনক’ আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩২৬ জন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫১ জনের নিশ্চিত হাম ধরা পড়েছে।
বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, হামে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৩০৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে ৫৭ জন নিশ্চিত হামে এবং ২৪৭ জন সন্দেহজনক হামের উপসর্গে মারা গেছেন। এরপর রয়েছে রাজশাহী বিভাগে ৮৯ জন (২ জন নিশ্চিত হামে), সিলেটে ৭৭ জন (৩ জন নিশ্চিত হামে), চট্টগ্রামে ৫৯ জন (১০ জন নিশ্চিত হামে), বরিশালে ৫৮ জন (১৯ জন নিশ্চিত হামে), ময়মনসিংহে ৫৫ জন (২ জন নিশ্চিত হামে), খুলনাতে ২৭ জন (উপসর্গে) এবং রংপুর বিভাগে ৮ জন (উপসর্গে) মারা গেছেন।
রিপোর্টারের নাম 























