বাংলাদেশের সামনে রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং ক্ষমতাসীন দলের বিচার নিশ্চিত করা—এই তিনটি বড় লড়াই অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার খুলনার সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য আগামীর বিপ্লব অপরিহার্য। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি আধিপত্যবাদের কাছে মাথা নত করে, তবে জনগণও তাদের ছেড়ে কথা বলবে না। একইসঙ্গে তিনি সবাইকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানান।
এর আগে সকালে সমাবেশের প্রধান অতিথি ডা. শফিকুর রহমান খুলনা পৌঁছালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় নেতারা তাকে সার্কিট হাউজে স্বাগত জানান।
রিপোর্টারের নাম 
























