টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলই গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) এবং নেইমার ম্রং (১০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ছাগল বাড়ির পাশে থাকা পরিত্যক্ত সেফটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। প্রথমে ছাগলটিকে উদ্ধারের জন্য গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। দীর্ঘক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে উদ্ধারের উদ্দেশ্যে একে একে রতন নকরেক, বাবলু হাদিমা এবং নেইমার ম্রং ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাদের কেউই আর বাইরে ফিরে আসতে পারেননি।
পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ট্যাংকের ভেতর থেকে চারজনের নিথর দেহ উদ্ধার করে।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, ট্যাংকের ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তারা অচেতন হয়ে পড়েন এবং শ্বাসরোধে তাদের মৃত্যু হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত সেফটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 























