বিশ্বকাপ ফুটবল ম্যাচে ব্রাজিল জেতায় মাথা ন্যাড়া করার বাজি ধরে চুল খোয়ালেন এক আর্জেন্টিনা সমর্থক। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামের ফয়সাল আহমেদ জুমান নামের এই ব্যক্তি নিজের ওয়াদা রক্ষা করে মাথা ন্যাড়া করেছেন। ফয়সাল দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত।
জানা গেছে, গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় ফয়সাল নিজের ফেসবুক আইডি থেকে ঘোষণা দেন যে, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন।
শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত বিশ্বকাপ ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেন ফয়সাল। আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় তিনি নিজের মাথা ন্যাড়া করেন। এ সময় ঘটনাটি দেখতে ভিড় করেন স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন।
মুহূর্তেই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই ফয়সালের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। পরে সেগুলো ব্যাপকভাবে শেয়ার হলে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা ও হাস্যরস।
বাজি পূরণের পর ফয়সাল আহমেদ জুম্মান বলেন, “খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি ব্রাজিল সমর্থকদের সঙ্গে বাজি ধরেছিলাম। ব্রাজিল জিতেছে তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি।” তার এই কাণ্ড স্থানীয়দের মধ্যে বেশ কৌতুক ও আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 

























