পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দিয়োরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনা সদস্য এবং দুজন বেসামরিক নাগরিক রয়েছেন। এই ঘটনাটি পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে ঘটে যাওয়া দ্বিতীয় বড় হামলা। আল-কায়েদা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা চালানো হয়। বিমানবন্দর এলাকা থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গত এক দশক ধরে নাইজার ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। চলতি বছরের জানুয়ারিতেও একই বিমানবন্দরে ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলা চালিয়েছিল। বৃহস্পতিবারের সহিংসতা সকাল গড়ানোর আগেই নিয়ন্ত্রণে আসে এবং নিরাপত্তা বাহিনী পালিয়ে যাওয়া হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২২ হামলাকারীর পাশাপাশি আরও চারজন আহত হয়েছেন এবং ২০ জনকে আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে আরপিজি-৭ রকেট লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, যোগাযোগ সরঞ্জাম এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে। স্থানীয় সশস্ত্র বাসিন্দারাও হামলাকারীদের ধরতে অভিযানে অংশ নেন, তবে নিরাপত্তা বাহিনী তাদের নিরুৎসাহিত করার চেষ্টা করে।
আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নাইজারের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।
রিপোর্টারের নাম 
























