হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার কারণে উপসাগরে শত শত জাহাজে প্রায় ৬ হাজার নাবিক আটকা পড়েছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ এই তথ্য জানিয়েছেন এবং সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে ডোমিঙ্গেজ গত দুই দিনে হরমুজ প্রণালী অতিক্রমকারী কয়েকটি জাহাজে হামলার তীব্র নিন্দা জানান। তিনি জোর দিয়ে বলেন, এসব হামলায় নিরীহ নাবিকদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে এবং কেবল নিজ দায়িত্ব পালনের জন্য কোনো নাবিকের জীবন ঝুঁকির মধ্যে পড়া উচিত নয়।
আইএমও প্রধান পতাকাবাহী রাষ্ট্র, জাহাজের মালিক ও পরিচালনাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যদি নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এড়িয়ে চলা উচিত। তিনি আরও উল্লেখ করেন যে, সাম্প্রতিক হামলাগুলো উপসাগর ছাড়তে না পারা প্রায় ৬ হাজার নাবিকের মধ্যে বিদ্যমান ভয়, অনিশ্চয়তা এবং মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
ডোমিঙ্গেজ পুনর্ব্যক্ত করেছেন যে, নাবিকদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত এবং এই মানবিক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
রিপোর্টারের নাম 
























