মার্কিন কংগ্রেসের শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) পূর্ণাঙ্গ পাঠ এবং এ বিষয়ে তাৎক্ষণিক ব্রিফিং চেয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক চিঠিতে প্রতিনিধি গ্রেগরি মিকস, জিম হাইমস এবং অ্যাডাম স্মিথ প্রশাসনকে এই অনুরোধ জানিয়েছেন।
আইনপ্রণেতারা সমঝোতা স্মারক, এর সঙ্গে সম্পর্কিত কোনো গোপন চুক্তি বা বাস্তবায়ন পরিকল্পনা এবং ইরানের সঙ্গে ভবিষ্যৎ যেকোনো চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, গত ১৫ সপ্তাহেরও বেশি সময় ধরে প্রশাসন কংগ্রেস ও মার্কিন জনগণকে একটি ‘পছন্দের যুদ্ধ’ সম্পর্কে অন্ধকারে রেখেছে, যা তাদের মতে একটি ‘কৌশলগত ব্যর্থতায়’ পরিণত হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, এই সংঘাতে ১৪ জন মার্কিন সেনা নিহত হয়েছেন, শত শত আহত হয়েছেন, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, গোলাবারুদের মজুত কমে গেছে এবং হরমুজ প্রণালি বন্ধ হওয়ার কারণে বিশ্বজুড়ে খাদ্য ও তেলের দাম বেড়েছে।
চিঠিতে আইনপ্রণেতারা বলেন, ‘প্রশাসন কূটনীতির দিকে ফিরে আসায় এবং এই যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেওয়ায় আমরা স্বাগত জানাই। তবে প্রশাসনকে অবশ্যই কংগ্রেসকে এই সমঝোতা স্মারক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিতে হবে।’ তারা আরও অভিযোগ করেন যে, প্রশাসন বিষয়টি নিয়ে ‘বারবার নিজেদের অবস্থানের সঙ্গে বিরোধিতা করেছে’।
এছাড়াও, চিঠিতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ৬০ দিনের আলোচনার সময়সীমা, চুক্তি বাস্তবায়নের ব্যবস্থা, লেবাননের পরিস্থিতি, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মিত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থ পরিশোধের বিষয়েও বিস্তারিত জানতে চেয়েছেন আইনপ্রণেতারা। এর মধ্যে ইরানের জন্য প্রস্তাবিত ৩০০ বিলিয়ন ডলারের একটি ‘পুনর্গঠন তহবিল’ সম্পর্কিত প্রতিবেদনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























