পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি অভিযানে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার দেশটির সন্ত্রাস দমন বিভাগ (সিটিডি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতরা সবাই সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিলেন এবং তারা নাশকতার পরিকল্পনা করছিলেন।
সিটিডির বিবৃতিতে জানানো হয়, সন্ত্রাসীরা হামলার নীল নকশা বাস্তবায়নে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচলে বাধা সৃষ্টি করতে শাকারদারা রোডে একটি চেকপয়েন্ট স্থাপন করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোয়াত থেকে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ দল সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এতে তিন সন্ত্রাসী নিহত হয় এবং তাদের কাছ থেকে তিনটি কালাশনিকভ রাইফেল, নয়টি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের মুখে বেশ কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
অন্য এক অভিযানে মোহমান্দ জেলা থেকে চারসাদ্দার দিকে অগ্রসর হওয়া একটি সন্ত্রাসী দলকে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। সিটিডি জানায়, ‘ফিতনা আল-খারিজি’র সদস্যরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল। সেখানেও গোলাগুলির একপর্যায়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পলাতক সন্ত্রাসীদের ধরতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























