রাজধানীর শাহবাগ এলাকায় মেট্রোরেলের হাই-ভোল্টেজ ট্র্যাকে হঠাৎ করে একটি বিড়াল ঢুকে পড়ায় ২০ মিনিটের বেশি সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। শনিবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ১২ মিনিট পর্যন্ত এই অচলাবস্থা চলে। সাধারণত কারিগরি ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে ট্রেন থামানোর নজির থাকলেও, কোনো প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্ক থমকে যাওয়ার ঘটনা এটাই দেশে প্রথম।
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএলের একজন কর্মকর্তা জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের লাইনে বিড়াল ঢুকে পড়ায় কিছুক্ষণ অপারেশন বন্ধ রাখা হয়েছিল। তবে বিড়ালটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং দুপুর ১২টা ১২ মিনিটেই আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এই অপ্রত্যাশিত বিরতির কারণে স্টেশনগুলোতে অপেক্ষমাণ মানুষের সারি দীর্ঘ হতে থাকে। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে স্টেশন ছেড়ে বিকল্প পরিবহনের দিকে পা বাড়ান।
মেট্রোতে নিয়মিত চলাচলকারী যাত্রী বিউটি আক্তার জানান, তিনি মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনে এসে জানতে পারেন ট্রেন আসতে বিলম্ব হবে। পাঁচ মিনিটের দেরি মনে হলেও ২০ মিনিট পর্যন্ত কোনো ট্রেন আসেনি। এ সময় সেখানে অপেক্ষমাণ থাকা যাত্রীদের মধ্যে উদ্বিগ্নতা দেখা যায়। দায়িত্বরত এক মহিলা পুলিশ সদস্যকে জিজ্ঞাসা করার পর তিনি জানান, মেট্রোর লাইনে একটি বিড়াল ঢুকে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্ন ঘটেছে। তবে বিড়ালটি উদ্ধার করা হয়েছে এবং দ্রুতই মেট্রো চলাচল স্বাভাবিক হচ্ছে বলেও তাকে আশ্বস্ত করা হয়।
রিপোর্টারের নাম 

























