রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে ওঠার সময় দুই বাসের রেষারেষির কবলে পড়ে জয় দেব পান্ডে (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেলে মৌমিতা পরিবহনের দুটি বাসের পাল্লা দেওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জয় দেব একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয় দেব একটি বাসে ওঠার চেষ্টা করার সময় একই পরিবহনের অন্য একটি বাস দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি দুই বাসের মাঝে পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জয় দেবের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায় এবং তার দুই মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে। পুলিশ ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
রিপোর্টারের নাম 

























