বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘বিমানের দীর্ঘদিনের সমস্যাগুলো দুই-তিন মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। বিমানের যে জটিলতাগুলো রয়েছে, সেগুলো থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করছি। বিমানকে তার সুনামের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।’
শনিবার সকালে মানিকগঞ্জ শহরের হরিজন পল্লী পুরাতন লঞ্চঘাট এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা যেন আরও সুযোগ-সুবিধা পান, সেটি আমার মূল কাজ। বিগত সময়ে বিমানবন্দরের যে অবস্থা ছিল, তার চেয়ে এখন আমরা অনেকটাই ভালো আছি। আমাদের মন্ত্রণালয়ের সুনাম নষ্ট করার জন্য কিছু অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের মূল কাজ প্রবাসী ভাই-বোনদের নিয়ে। আমার প্রবাসী ভাই-বোনেরা যেন দেশে এসে স্বস্তি অনুভব করতে পারেন, সেদিকে আমরা নজর দিচ্ছি।’
বিমানমন্ত্রী এ সময় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সদস্যদের নানা সমস্যার সমাধানে আশ্বাস দেন এবং তাদের সন্তানদের ভালো চাকরির ব্যাপারেও তিনি আশ্বস্ত করেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান। জেলা জিয়া পরিষদ ও জিয়া স্মৃতি পাঠাগারের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পে ঔষধ বিতরণ, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ পরীক্ষা, শিশু, চর্ম, সার্জারি, অর্থোপেডিক্স, গাইনি, নাক-কান-গলা, কিডনি, ব্লাড প্রেসার, হৃদরোগ, ক্যান্সার ও ডেন্টালসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রবিদাস ও হরিজন সম্প্রদায়সহ স্থানীয় হাজারো মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ ত ম জহির আলম লদি, আ ফ ম নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 



















