চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া এলাকা থেকে মো. ইরফান (১১) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা তাকে অনেক খুঁজেও কোনো সন্ধান পাননি, যার ফলে পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ ইরফান উপজেলার দক্ষিণ পাঁচগাছিয়া গ্রামের মো. হাছানের ছেলে এবং পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, গত বুধবার বেলা ১১টা ২২ মিনিটের দিকে মাদরাসা সংলগ্ন মসজিদের সিসিটিভি ফুটেজে তাকে মাদরাসা থেকে বের হয়ে যেতে দেখা যায়। ওই সময় হেফজ বিভাগের শিক্ষার্থীরা দুপুরের বিশ্রামে ছিল। ধারণা করা হচ্ছে, সে মাদরাসা ছেড়ে অন্যত্র চলে গেছে।
মাদরাসার কয়েকজন শিক্ষার্থী জানান, ইরফান মাঝেমধ্যে দুপুরের সময় গোসলের জন্য বাড়িতে যেত। প্রথমে ধারণা করা হয়েছিল সেদিনও হয়তো সে বাড়িতে গেছে। কিন্তু পরে বাড়িতে না পৌঁছানোয় উদ্বেগ তৈরি হয় এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজের সময় ইরফানের পরনে নীল রঙের পাঞ্জাবি ছিল। তার বয়স আনুমানিক ১১ বছর, উচ্চতা প্রায় ৩ ফুট ১০ ইঞ্চি এবং ওজন প্রায় ৩০ কেজি। তার মাথায় একটি কাটা দাগ রয়েছে এবং সে আঞ্চলিক ভাষায় কথা বলে। ইরফানের বাবা মো. হাছান এই ঘটনায় মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তার সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























